Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

৯৯৯-এ কল পেয়ে জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে।

জেলার পুলিশ সুপার (এসপি) মো.মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

জানা গেছে, জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার করা সকল পর্যটক সুস্থ রয়েছেন।

   

About

Popular Links

x