Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

জরিপ: দেশের ৭১% তরুণ ‘গণপিটুনি’ বেড়ে যাওয়া নিয়ে শঙ্কিত

এসব তরুণ মনে করেন, গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

দেশের ৭১% এর বেশি তরুণ মনে করেন, ‘‘মব জাস্টিস’’ বা গণপিটুনির ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন হিসেবেই একে দেখা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার ব্র্যাক সেন্টার ইনে “ক্রান্তিকালে তারুণ্য: জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে চাকরি, শিক্ষা এবং রাজনৈতিক প্রেক্ষাপট” শীর্ষক এক আলোচনা সভায় প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য ওঠে আসে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং অ্যাকশনএইড বাংলাদেশের যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। ২০-৩১ মে পর্যন্ত সারাদেশে ১৫-৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের ওপর এই জরিপ করা হয়।

এই গবেষণায় নেতৃত্ব দেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। এছাড়াও আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, ইশরাত শারমিন, নীলাদ্রি নাভিয়া নোভেলি এবং মো. রাজীব।

এই জরিপে অংশ নেওয়া ৭১.৫% তরুণ মনে করেন, গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা। ১৫.১% এ বিষয়ে কোনো মতামত দেননি এবং ১৩.৪% এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

জরিপে অংশ নেওয়া ৮০.২% তরুণ অগ্নিসংযোগ, ডাকাতি এবং চুরির মতো ঘটনা নিয়ে উদ্বিগ্ন। ৩৪.৫% মনে করেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। তবে ৩৯.৯% এই বিষয়ের সঙ্গে একমত নন।

জরিপে অংশ নেওয়া ৪৪.২% মনে করেন, নারীবাদী বা উদারপন্থী মতামতের বিরুদ্ধে আক্রমণ একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। অন্যদিকে, ৫৩.৬% মনে করেন, লিঙ্গভিত্তিক সহিংসতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

জরিপ থেকে আরও জানা যায়, ৪৬.৭% তরুণ রাজনৈতিক সংঘর্ষ এবং ক্যাম্পাসের সহিংসতা নিয়ে শঙ্কিত। ৫৬.২% মনে করেন, অন্যায্য বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার ও মামলা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। এছাড়াও ৩৭.৪% তরুণ সরকারি পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সভায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, “এই গবেষণার ফলাফল শুধুমাত্র জরিপে অংশগ্রহণকারী নির্দিষ্ট সংখ্যক তরুণদের মতামত প্রতিফলিত করে। এটিকে সমগ্র জনগোষ্ঠী বা অন্য কোনো বয়সের মানুষের মতামত হিসেবে বিবেচনা করা উচিত নয়, বিশেষ করে রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতে।”

   

About

Popular Links

x