Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা

দিনে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম

দেশের পাঁচ বিভাগে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ভারি থেকে অতিভারি  বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

অতিরিক্ত বৃষ্টির কারণে দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংস্থাটি। অন্যদিকে, বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

   

About

Popular Links

x