Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাম তার পবিত্র আল ইবাদাত, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

বিএনপির কার্যালয়ের পাশে ‘ভুয়া’ সংগঠন খুলে বসেছিলেন তিনি

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে “বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল” নামে একটি সংগঠন খুলে চাঁদা দাবির অভিযোগে পবিত্র আল ইবাদাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শনিবার (১২ জুলাই) রাতে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি পবিত্র আল ইবাদাতকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নসিরুল আমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নামে ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির কথিত সভাপতি ইবাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার এই ভুয়া সংগঠনটির কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে অবস্থিত।”

ওসি আরও জানান, কেন ইবাদাত এই ভুঁইফোড় সংগঠন তৈরি করেছেন, কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, ইবাদাতের বিরুদ্ধে মামলাটি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

মামলার বিষয়ে আবদুস সাত্তার পাটোয়ারী সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে কথিত পবিত্র আল ইবাদাত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া ইসলাম।”

   

About

Popular Links

x