৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫,২০৬ জন। উত্তীর্ণরা ৬ আগস্ট শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রবিবার (২০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে ৩,০০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২,৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।
একইসঙ্গে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant's Copy) এর সঙ্গে নির্ধারিত কিছু কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি বোর্ডে জমা দিতে হবে। জমা দিতে হবে সদ্য তোলা তিন কপি রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণদের জন্য জন্মতারিখযুক্ত দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের স্বীকৃতি সনদ এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসির নিবন্ধন সনদ।
পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যা পরীক্ষার শুরুর ও শেষের তারিখসহ হতে হবে। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের প্রত্যয়নপত্র, যেটিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে, সেটিও জমা দিতে হবে।
আর যদি কোনো প্রার্থী বর্তমানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। চাকরি ত্যাগ বা অপসারিত হয়ে থাকলে সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিতে হবে।
এছাড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ কিংবা পাসপোর্টের যেকোনো একটি সঙ্গে আনতে হবে।
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা বা মাতার নির্দিষ্ট সময়ের নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণে জাতীয় পরিচয়পত্রের কপি, এবং স্থানীয় জনপ্রতিনিধি বা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk BD Ltd. এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
অনলাইনে জমা দেওয়া ফরমের দুইটি প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সঙ্গে আনতে হবে। এছাড়াও, পুলিশ ভেরিফিকেশন ফরম (প্রাক্ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম) তিন কপি পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।



