Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টা: বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালাতে দেওয়া হবে না

প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার’

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথাগুলো বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।”

৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, “আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যায়।”

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলোর বিষয়ে ঐক্য গঠনে সচেষ্ট।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন।”

   

About

Popular Links

x