Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ দেওয়া স্থগিত

জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় করার জন্য দেওয়া সুদমুক্ত ঋণের সুবিধা ও গাড়ির জন্য পাওয়া ভাতা বন্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা “প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০” অনুযায়ী সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয় করার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তে এ সুবিধা আর বহাল থাকছে না।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা শুধু ঋণ সুবিধাই নয়, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। এছাড়াও গাড়ির জন্য প্রতি বছর ১০% হারে অবচয় সুবিধাও প্রযোজ্য রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ছাড়াও অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% কমাতে হবে। সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০%, সেমিনার-কনফারেন্স ব্যয় ২০% এবং ভ্রমণ ব্যয় ৩০% কমাতে হবে।

   

About

Popular Links

x