Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

দেশে বেকারত্ব দূর করতে ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪% সুদে এই ঋণ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ ও ৫,০০০ টাকা ভাতা।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিন বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তার প্রশ্নে তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প আছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশ ব্যাংকে তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করে আসছে।”

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭% সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, স্টার্টআপদের জন্য ৪% সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ‘স্টার্ট আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরও একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে।

মন্ত্রী জানান, ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের পিআইইউ-এসআইসিআইপি পরিচালিত এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাব্য উদ্যোক্তাদের এক মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হয় না। বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে উদ্যোক্তাদের ৫,০০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

   

About

Popular Links

x