বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার আগামী সাত দিনের মধ্যে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
অনৈতিক ব্যবসায়িক চর্চা রোধ করাই এই পদক্ষেপের উদ্দেশ্য বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো স্থানীয় বাজার পর্যবেক্ষণ করছে।
এছাড়া, বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডিমের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পোল্ট্রি ফিড ও পরিবহন খরচের কথা মাথায় রেখে সরকার ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করবে।



