প্রণোদনা দেওয়ার পরও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়েনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, “প্রতিবছর অনেক মানুষ কাজের জন্য বিদেশে যাচ্ছেন। বর্তমানে এক কোটি মানুষ বিদেশে কাজ করছেন, কিন্তু প্রবাসী আয় সেভাবে বাড়ছে না।”
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে।
অর্থমন্ত্রী বলেন, “প্রবাসী আয় বাড়াতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার হাতে নেওয়া প্রয়োজন। এটি করা গেলে এক প্রবাসীর আয় দিয়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অনেক সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “প্রবাসী আয় বাড়ানোর জন্য আপনারা এভিডেন্স বা তথ্য-প্রমাণনির্ভর পরিকল্পনা নিয়ে কাজ করুন। মাইক্রো লেভেলে কেস টু কেস উদাহরণ দেখুন; তাহলে আমাদের প্রবাসী আয় ও রাজস্ব বাড়বে।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিস দপ্তরের ব্যবস্থাপক হিশাম ওয়ালি ও বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান (কান্ট্রি ডিরেক্টর) আবদুলায়ে সেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, মোহাম্মদ তারেক, ফজলে কবীর, মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, “পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) হচ্ছে দেশের সুশাসন কাঠামোর মেরুদণ্ড। আমাদের লক্ষ্য হচ্ছে, পিএফএফের মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করা। অর্থনীতির শক্তিশালী উন্নয়নের জন্য সরকারি অর্থায়ন ব্যবস্থাপনায় সংস্কার দরকার। এখাতে সংস্কার করা হলেই দারিদ্র্য কমবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। দেশের জ্যেষ্ঠ নাগরিকসহ সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীরা উপকৃত হবেন।”



