Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাথাপিছু ঋণ ৪০ হাজার টাকা

অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরে সুদ বাবদ ৯৩৫.৬৬ মিলিয়ন ডলার এবং আসল বাবদ ১,৭৩৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম

দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা বাংলাদেশি টাকায় ৪০,১৫০ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সংসদে সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতি ৬২,৩১২.৭১ মিলিয়ন মার্কিন ডলার (সাময়িক)। যার মধ্যে বহুপাক্ষিক ৩৬,৭৮১.৩ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক ২৫,৫৩১.৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭০.৭৯ মিলিয়নের হিসাব অনুযায়ী বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪.৮৫ মার্কিন ডলার।”

মন্ত্রী জানান, বাংলাদেশ কয়েকটি দেশ এবং সংস্থা থেকে ঋণ নেয়। এগুলোর মধ্যে বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ১৯,৫৩৬.৮২ মিলিয়ন ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৪,১১৪.৮৯ মিলিয়ন ডলার, তৃতীয় সর্বোচ্চ ১০,৯৯৯.৯৮ মিলিয়ন ডলার, রাশিয়া থেকে ৫,৮৯৯.৯৮ মিলিয়ন ডলার, চীন থেকে ৫,৩৭৪.১৫ মিলিয়ন ডলার, এআইআইবি থেকে ১,৫০৪.১২ মিলিয়ন ডলার, ভারত থেকে ১,২৯৯.৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরে সুদ বাবদ ৯৩৫.৬৬ মিলিয়ন ডলার এবং আসল বাবদ ১,৭৩৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, “চলতি অর্থবছরে (২০২৩-২৪) সুদ বাবদ ১,১৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং আসল বাবদ ২,৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের নিমিত্ত বাজেট রয়েছে।”

   

About

Popular Links

x