Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন দিনের মধ্যে ভারত থেকে ট্রেনে পেঁয়াজ আসবে দেশে

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনোরকম সমস্যা আছে বলে আমার জানা নেই

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল (শনি বা রবিবার) ট্রেনে উঠবে।”

শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী এবং জেলার সব এমপিদের সংবর্ধনা ও প্রেসক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিতি সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনোরকম সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি-না তা আমার জানা নেই।”

তিনি আরও বলেন, “বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ মজুতদারি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা-কেনায় বাণিজ্য মন্ত্রণালয় কোনোরকম পুলিশি বা ম্যাজিস্ট্রেসি তৎপরতার প্রয়োজন নেই।”

প্রতিমন্ত্রী মনে করেন, বাজারে পরিমাণ পণ্যের সরবরাহ যথেষ্ট এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

চালের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কিছু বলা ঠিক হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, ছানোয়ার হোসেন, খান আহমেদ শুভ, অনুপম শাজাহান জয় এবং জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

শুক্রবার পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় ভারত

   

About

Popular Links

x