Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

গত ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম

বিশ্ববাজারে জ্বালানির চাহিদা বাড়ায় তেলের দাম আবার বৃদ্ধি পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে সোমবার (৬ জানুয়ারি) তেলের দাম বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি চাঙা করার জন্য নতুন প্রণোদনা ঘোষণা করায় তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলভান্ডারের মজুত কমে যাওয়ার খবরও বাজারে প্রভাব ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২% বেড়ে ৭৬.৬৬ ব্যারেল উঠেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টরমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা ০.৩% বৃদ্ধি পেয়ে ৭৪.১৮ ডলারে উঠেছে। ফলে গত ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ।

গত শুক্রবার দেশটির সরকার ২০২৫ সালে দীর্ঘমেয়াদি বন্ডের মাধ্যমে বাজারে আরও অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে। ব্যবসা-বাণিজ্যে গতি আনতেই তাদের এই উদ্যোগ।

এ ছাড়া চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার ও সুদহার কমানো হবে। অর্থাৎ ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে তারল্য ধরে রাখার লক্ষ্যেই এ কথা বলেছে তারা।

কয়েক বছর ধরেই চীনের অর্থনীতি গতি হারিয়ে ধুঁকছে। সেইসঙ্গে দূষণ কমাতে পরিবহনখাতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছে চীন। এতে দেশটির অপরিশোধিত জ্বালানির আমদানি কমেছে, ফলে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ ও দ্বিতীয় বৃহত্তম ভোক্তা হিসেবে দেশটির যে অবস্থান ছিল, তা অনেকাংশে ক্ষুণ্ন হয়েছে।

দীর্ঘদিন দাম কম থাকার পর ২০২১ সাল থেকে তেলের দাম বাড়তে শুরু করে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম সর্বোচ্চ ১৩৯ মার্কিন ডলারে ওঠে। সে বছর গড়ে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছিল।

এর পর থেকে দাম অবশ্য কমতে শুরু করে। ২০২৩ সালে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৯৮ মার্কিন ডলারে উঠেছিল। গড় দাম ছিল ৮৩ ডলার। তেলের দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর প্রভাবশালী সংগঠন ওপেকের পক্ষ নানান সিদ্ধান্ত গ্রহণের পরও দাম তেমন একটা বাড়েনি। এমনকি মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরও তেলের দামে অতটা প্রভাব পড়েনি।

২০২৪ সালে তেলের দাম আরও কমে ৭০ ডলারের মধ্যে ছিল। ২০২৫ সালে তেলের দাম ৬০ ডলারে নামতে পারে বলেও জেপি মরগ্যানের পূর্বাভাস।

   

About

Popular Links

x