Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ

একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

২ জুলাই থেকে দেশের নয়টি শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে অনুষ্ঠিত হবে আবশ্যিক বাংলা প্রথম পত্র। এরপর ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ ও ৮ জুলাই যথাক্রমে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা নেওয়া হবে। ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের উভয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। মাসের শেষ দিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা রাখা হয়েছে।

জুলাই শেষে এবং আগস্টের শুরুতেও কিছু পরীক্ষা চলবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্র নেওয়া হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় অংশ শেষ হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে

একইসঙ্গে রুটিনে পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে বোর্ড। পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে মাঝখানে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে, আর ব্যবহারিকসহ ছোট নম্বরের পরীক্ষার সময় কিছুটা কম হবে।

এছাড়া পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করাও বাধ্যতামূলক করা হয়েছে।

   

About

Popular Links

x