Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভাষাদক্ষতা, স্পনসর এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা নির্দেশনায় জানানো হয়েছে 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ভাষাদক্ষতা, স্পনসর এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা নির্দেশনায় জানানো হয়েছে। এছাড়া ভিসাপ্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়েও বলা হয়েছে।  

গত সোমবার (১ জুন) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ কথা জানায়। 

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে নিয়মিত নিবন্ধন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হবে। আলাদা করে শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ইউনিভার্সিটিতে তাদের নিবন্ধনের জন্য আবেদনকারীরা যে ই-মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ই-মেইলে ভিএফএস যোগাযোগ করবে।  

এছাড়া শিক্ষার্থীদের স্পনসর কারা হতে পারবেন, সেই বিষয়েও নির্দেশনা দিয়েছে। ভিএফএস বলছে, এখন মা-বাবার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।

পাশাপাশি ভাষাগত দক্ষতার সার্টিফিকেট বাধ্যতামূলক। ভাষার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক ও লিখিত বোধগম্যতা, কথা বলা ও লেখার ক্ষেত্রে আবেদনকারীর ভাষাগত দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

একইসঙ্গে আবেদনের সঙ্গে আবেদনকারী অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ অক্টোবর ২০২৬।

   

About

Popular Links

x