Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া-খালেদার ৩ বই রাখার নির্দেশনা বাতিল 

দুটি বই জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবন আর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে লেখা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

চলতি বছরের জুন মাসে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দুটি বই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে লেখা। 

অন্য আরেকটি বই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রচিত। তবে নির্দেশনা দেওয়ার ১ মাস পর সেটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “মন্ত্রণালয়ের দেওয়া আগের নির্দেশনা বাতিল করা হচ্ছে।” 

এর আগে, গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) পাঠানো এক নির্দেশনায় দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বইগুলোর একটি করে সেট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। 

নির্দিষ্ট বই তিনটি  হচ্ছে- ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। প্রথম দুটি বইয়ের লেখক মাহফুজ উল্লাহ। তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের রচনা। বই তিনটির প্রকাশনা প্রতিষ্ঠান হচ্ছে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা। 

   

About

Popular Links

x