Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের

ভালো ফলাফল করলে তাদের বৃত্তি দেওয়ারও পরিকল্পনা রয়েছে

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

মেয়েদের জন্য অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। একইসঙ্গে যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে, বর্তমান সরকার অনার্স বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে চায়।” 

তিনি আরও বলেন, “সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবে এমন শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।”

সংসদ অধিবেশন পর্যবেক্ষণে গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেছেন এবং তাদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।”

তিনি জানান, দেশে প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার।

   

About

Popular Links

x