‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬’ এর প্রশ্নপত্রের কাঠামো প্রেরণ এবং তা ওয়েবসাইটে আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো মাঠপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে ।
গত ৫ জুলাই অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ প্রশ্নপত্র কাঠামো অনুমোদন সংক্রান্ত সভা’য় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো অনুমোদিত হয়েছে। অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে অবহিতকরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে প্রেরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হয়েছে।
আগে প্রাথমিক সিদ্ধান্ত ছিল আজ বৃহস্পতিবার (৯ জুলাই ) ফলাফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরোপুরি কাজটি শেষ না হওয়ায় আজ তা প্রকাশ করা হচ্ছে না।
এ বছর মোট ৮২,৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০% পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০% পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’ এ দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।
সারাদেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা - রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।



