চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। গত সোমবার একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে, কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে বৃষ্টির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কর্মকর্তারা জানান, একটি কেন্দ্রের ভিডিও বা পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।



