এইচএসসি পরীক্ষার ফলাফলে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এই সাফল্যে খুশি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মির্জাপুর উপজেলা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পাস করেছেন ১ হাজার ২৩৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন। উপজেলায় জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৪১ জনই মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী। কলেজ থেকে যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁদের সবাই এই ফল অর্জন করেছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন।“ এ জন্য তিনি ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরও ভালো ফলাফল সম্ভব।“ এ জন্য তারা সবার সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ সিদ্দিকী উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “উচ্চশিক্ষার জন্য তারা যেন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।“
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ক্যাডেট কলেজ দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছরই জাতীয় পর্যায়ে ভালো ফল করে আসছে।



