'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এর ৪৮তম আসরে জায়গা করে নিয়েছে 'অতল' এবং 'কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস' নামের দুইটি বাংলাদেশি চলচ্চিত্র।
প্রতিযোগিতা শাখার বাইরে 'অ্যাপক্যালিপ্স নাউ' বিভাগে যুবরাজ শামীমের 'অতল' ও আর্টকোর বিভাগে আসিফ ইসলাম পরিচালিত 'প্রিন্সেস' চলচ্চিত্রটি প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে।
অস্তিত্ব সংকটের গল্পে অতল
৪৮তম মস্কো উৎসবে 'আদিম' দিয়ে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করেছিলেন নির্মাতা যুবরাজ শামীম। এবার তার দ্বিতীয় চলচ্চিত্র 'অতল' মনোনীত হয়েছে এই প্রতিযোগিতায়। এটি মূলত অস্তিত্বসংকটে ভোগা এক মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প।
নির্মাণ প্রসঙ্গে যুবরাজ শামীম বলেছেন, "একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যুপরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে, সেই থমকে যাওয়া সময়টাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি।" এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটোগ্রাফিও করেছেন ফটোগ্রাফার নাঈম তুষার।
যাত্রাপালার অবক্ষয় নিয়ে কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস
হাজার বছরের বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার অবক্ষয়ের গল্প তুলে ধরা হয়েছে আসিফ ইসলাম পরিচালিত প্রিন্সেস চলচ্চিত্রে। মূলত প্রখ্যাত যাত্রা অভিনেতা অরবিন্দ মজুমদারের (যিনি নওয়াব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়) বাস্তব জীবনের কিছু ঘটনা এবং বর্তমান সময়ে যাত্রাশিল্পের প্রতিকূলতা ও অবক্ষয়ের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
নির্মাতা আসিফ ইসলাম জানিয়েছেন, আধুনিক বিনোদনের চাপে হারিয়ে যাওয়া যাত্রাশিল্পের প্রকৃত রূপ এবং শিল্পীদের জীবনসংগ্রাম তুলে ধরাই ছিল এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ এপ্রিল এবং শেষ হবে ২৩ এপ্রিল। বিশ্বের নানা প্রান্তের নির্মাতাদের সঙ্গে এই আসরে লড়বে বাংলাদেশের এই দুইটি চলচ্চিত্র।



