জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
গায়ক এবং সুরকার বাপ্পা মজুমদার শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, “৭৫ বছর বয়সী তারকা জ্যোতিষী একাধিক স্বাস্থ্য জটিলতার সঙ্গে লড়াই করছেন এবং তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি-পজিটিভ রক্ত প্রয়োজন।”
কাওসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এছাড়া, তার দুবার স্ট্রোকও হয়েছে।
দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় “আপনার রাশি” নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।
এছাড়াও, তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং আরও অনেক সুপরিচিত গায়ক এবং ব্যান্ডের বেশ কয়েকটি বিখ্যাত গানের রচয়িতা।
তার লেখা জনপ্রিয় কিছু গানের মধ্যে “কবিতা পড়ার প্রহর”, “যেখানে সীমান্ত তোমার”, “রূপালী গিটার”, “আজ এ বৃষ্টির কান্না দেখে” বিশেষভাবে উল্লেখযোগ্য।



