ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল বিকেল থেকে অবস্থা খারাপের দিকে যাওয়ায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন এবং আজ সন্ধ্যার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা তার চিকিৎসা অব্যাহত রেখেছেন।
এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতজনেরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান, যেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষক্রিয়ার আশঙ্কা থেকেই তার পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।



