বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জরুরি বিভাগে নেওয়ার পর মন্ত্রীকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে আসেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঠান্ডা, জ্বর ও কাশির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য বুধবার সকালে মেডিকেল বোর্ড গঠন করা হবে। এরপর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকও মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন।



