Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যবসায় মন্দা ও ঋণের চাপ, কামরাঙ্গীরচরে ব্যবসায়ীর মৃত্যু

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

ঢাকার কামরাঙ্গীরচরে মো. রুহুল আমিন (২৭) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আলিনগর বর্ণ বিদ্যালয় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ জানান, খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে আলিনগর বর্ণ বিদ্যালয় এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য তিনি ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে প্রতি মাসে ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো তাকে। তবে ব্যবসায় মন্দা চলায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না তিনি। এছাড়া অন্য জায়গাতেও তার ঋণ ছিল বলে জানিয়েছে পরিবার।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  জিয়াদ মাহমুদ নাহিদ বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে রুহুল আমিন হতাশায় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। এর মধ্যে প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর তিনি বাসায় একাই ছিলেন।“

মঙ্গলবার বিকেলে নিজ কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x