রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) এবং গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং সেখানকার একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় তিনি গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুপার চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের সাটার বন্ধ করছিলেন, তখনই একটি গুলি তার ডান কাঁধে এসে লাগে।
আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামীর ওই এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে দোকানের ভেতরে থাকা অবস্থাতেই আলমগীরের কপালের মাঝ বরাবর গুলি লাগে।
আশা আক্তার জানান, তিনি ওই এলাকারই বাসিন্দা এবং সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মারামারির মধ্যে পড়ে যান, এতে তাঁর ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত তিনজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



