বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে গিয়ে চালক মো. দেরাজ মিঞা (৫৬) নিহত হয়েছেন। এতে জিপে থাকা তিন ঠিকাদার আহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।
স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত চালক ও আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঠিকাদার আবদুর রহিম জানান, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে স্থানীয়ভাবে পাথর-বালু সরবরাহ এবং কার্পেটিংয়ের কাজ করে আসছেন। সেদিন সকালে রেমংপাড়া ক্যাম্প এলাকার কর্মস্থল পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়, এবং তার ব্যক্তিগত জিপের চালক ঘটনাস্থলেই মারা যান।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের আঘাত সামান্য হলেও অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা বলেন, “সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জিপচালক ও আহতদের উদ্ধার করেন।“ থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানান, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সমন্বিতভাবে উদ্ধার কাজ চালিয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



