কোনোরকম বডি ডাবলের সাহায্য ছাড়া সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করার ব্যাপারে অক্ষয় কুমারের সুখ্যাতি বেশ পুরনো। নিজের আসন্ন “বড়ে মিয়া ছোটে মিয়া” সিনেমার অ্যাকশন দৃশ্যের ঝুঁকিপূর্ণ স্টান্টগুলোও নিজেই করছিলেন এ অভিনেতা। সেটিই কাল হলো অক্ষয়ের জন্য।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের করা এক প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডে “বড়ে মিয়া ছোটে মিয়া” সিনেমার সহ-অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যা কশন দৃশ্যের শুটিং চলাকালে হাঁটুতে চোট পান অক্ষয়। যদিও তার আঘাত খুব গুরুতর নয়।
অক্ষয় কুমার হাঁটুতে চোট পাওয়ার পর আপাতত “বড়ে মিয়া ছোটে মিয়া” সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং বন্ধ রয়েছে। যদিও খিলাড়ি কুমার ইতোমধ্যেই শুটিংয়ে ফিরেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই স্কটল্যান্ডের শুটিংয়ের কাজ শেষ করতে ক্লোজআপ শটগুলোর কাজ সেরে রাখছেন অক্ষয়।
কোভিড মহামারির পূর্ববর্তী সময়ে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অক্ষয় কুমার। ২০১৯ সালে “কেসারি”, “মিশন মঙ্গল”, “হাউজফুল ৪”, “গুড নিউজ”- এর মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে বক্স অফিসে চার সিনেমার দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পাওয়ার বিরল রেকর্ড গড়েন।
কিন্তু এরপরই অক্ষয় কুমারের ক্যারিয়ারে ছন্দপতন। ২০২১ সালের দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত “সূর্যবংশী” বক্স অফিসে সফল হলেও অক্ষয়ের পরবর্তী সবগুলো সিনেমাই ব্যবসায়িকভাবে অসফল। সব মিলিয়ে অক্ষয়ের সর্বশেষ ৬টি সিনেমা বক্স অফিসে ব্যর্থতার মুখ দেখেছে।
২০২২ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত পাঁচটি সিনেমা পেয়েছিল। কিন্তু তার অভিনীত “বচ্চন পান্ডে”, “সম্রাট পৃথ্বীরাজ”, “রাম সেতু”, “কাটপুতলি”, “রক্ষা বন্ধন”- প্রতিটি সিনেমায় দর্শক-সমালোচক দুই মহলেই সমালোচিত হয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত মাসে মুক্তি পাওয়া “সেলফি” সিনেমাও আশানুরূপ সাফল্য পায়নি।
এ বছরের শেষদিকে “বড়ে মিয়া ছোটে মিয়া” সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় অক্ষয় কুমার, টাইগার শ্রফ ছাড়াও মানুষি ছিল্লার, জাহ্নবী কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ প্রমুখকে দেখা যাবে। সিনেমাটি পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে।



