ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। বিগত এক যুগ ধরে ঢালিউডেরই অলিখিত নিয়ম এটি। ব্যতিক্রম হয়নি এবারও। ঈদ-উল- আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত “প্রিয়তমা”। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সিনেমাটি অনেক প্রেক্ষাগৃহেই সফলভাবে চলছে।
“প্রিয়তমা” সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী ঈধিকা পাল। শাকিব খান তার পরবর্তী সিনেমায়ও কোনো ভারতীয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে এবার আর কলকাতা নয়, সুদূর বলিউডের কোনো চিত্রনায়িকা থাকতে পারেন এ ঢালিউড সুপারস্টারের বিপরীতে।
অনেকদিন ধরেই শাকিব খানকে নিয়ে নতুন ছবির কাজ শুরুর কথা বলে আসছেন পরিচালক অনন্য মামুন। শাকিবকে নিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। সেখানে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান কিংবা শেহনাজ গিলের মধ্যে যেকোনো একজনকে।
একাধিক বিশ্বস্ত সূত্রের বরাতে সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্য থেকে যেকোনো একজনই সিনেমাটিতে থাকবেন। ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই নাম সামনে আনতে চাচ্ছেন না।
তবে একাধিক গণমাধ্যম ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, ছবিটির নাম “সাইকোপ্যাথ”। অনেকে আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম “দরদ”। একটি সূত্র বলছে, অন্য কিছুও হতে পারে। তবে যাই হোক না কেন, কয়েক দিনের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
পরিচালক অনন্য মামুন জানান, নাম নির্ধারিত হওয়া শাকিব খানের নতুন সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ করা হবে। আগামী সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। সিনেমাটি বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে।
এর আগে, শাকিব খানের সঙ্গে “নবাব এলএলবি” নামের একটি ছবির শুটিং করেন পরিচালক অনন্য মামুন। শাকিবের সঙ্গে পরবর্তী সিনেমায় প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্য থেকে কে অভিনয় করবেন জানতে চাইলে অনন্য মামুন এখনই কোনো কিছু বলতে নারাজ। তবে অল্প কিছুদিনের মধ্যেই শাকিবের পক্ষ থেকেই সবকিছু জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে ভারতে থাকা অনন্য মামুন বলেন, “আর কয়েকটা দিন সময় দিন। তবে এটুকু বলছি, কিছু একটা হবে, যা কেউ আগে ভাবেনি। তবে আপনাকে এটুকু বলছি, তাদের মধ্য থেকে কেউ একজনই থাকবেন।” কে? “ওই যে আর কয়েকটা দিন সময় দেন। শাকিব ভাইয়ের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন।”



