Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুসান চলচ্চিত্র উৎসবে ‘বলী’র বাজিমাত

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে গত ৭, ৮ ও ৯ অক্টোবর সিনেমাটি প্রদর্শিত হয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের নিউ কারেন্টস বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ইকবাল হোসাইন চৌধুরী নির্মিত ‌“বলী” (দ্য রেসলার) ছবিটি। এর মাধ্যমে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে সম্ভাবনাময় নির্মাতাদের জন্য নির্ধারিত নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে পুরস্কার জেতার নজির গড়ল সিনেমাটি। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। “বলী”র পাশাপাশি জাপানের ‌মোরি তাতসুয়ার “সেপ্টেম্বর ১৯২৩ ছবিটিও একই বিভাগে পুরস্কার পেয়েছে। দুটি সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।

দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে গত ৪ অক্টোবর পর্দা ওঠে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের। এ উৎসবে গত ৭, ৮ ও ৯ অক্টোবর “বলী” সিনেমাটি প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনী শেষেই “বলী” টিমকে দর্শকদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সেসব প্রশ্নে বলীখেলা নিয়ে কোরিয়ান দর্শকদের আগ্রহের কথা উঠে আসে।

“‌বলী” (দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকরা বলেন, ‌‌“ইকবাল হোসাইন চৌধুরীর ‘দ্য রেসলার’ সিনেমাটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।”

“‌বলী” (দ্য রেসলার) সিনেমাটির নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী জানান, “‌বলী” সাগরপাড়ের গল্প। সাগরের মতোই “‌বলী” ছবির মূলত দুটি রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর বিধ্বংসী রূপ। সিনেমার দুটি পোস্টারে এ দুই রূপ ধরা পড়েছে।

চট্টগ্রামের উপকূলীয় এলাকায় গত বছরের এপ্রিল-মে মাসে “‌বলী” (দ্য রেসলার) সিনেমাটির টানা শুটিং হয়েছে। তারও আগে লম্বা সময় নিয়ে সিনেমাটির অডিশন চলেছে। সিনেমাটিতে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের এক দল নবাগত ও প্রতিভাবান শিল্পী কাজ করেছেন। এ বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।

“‌বলী” (দ্য রেসলার) সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “‌চট্টগ্রামের নতুন প্রজন্মের অনেকে স্থানীয় ভাষায় কথা বলতে তেমন আগ্রহী না। এ কারণে আমাদের আঞ্চলিক ভাষার অনেক শব্দ হারিয়ে যাচ্ছে। ‘বলী’ (দ্য রেসলার) এই ভাষাকে দীর্ঘদিন সংরক্ষণ করবে। কারণ সিনেমাটি ইতোমধ্যে বুসান সিনেমা সেন্টারের আর্কাইভে জায়গা করে নিয়েছে।”

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে “‌বলী” (দ্য রেসলার) সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে এ অভিনেতাকে দেখা গেছে। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

“‌বলী” (দ্য রেসলার) ছাড়াও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে বাংলাদেশের আরও দুইটি সিনেমা অংশ নিয়েছে। সেগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” এবং বিপ্লব সরকারের “আগন্তুক”। এর মধ্যে “‌বলী”র পাশাপাশি নিউ কারেন্টস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে “আগন্তুক”। অন্যদিকে, এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য কিম জিসোক নামের প্রতিযোগিতা বিভাগে “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” মনোনয়ন পেয়েছিল।

   

About

Popular Links

x