অনেকদিন ধরে পর্দায় উপস্থিতি নেই নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। তবুও আলোচনার বাইরে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা বেশ আলোচনা তৈরি করেছে। কিন্তু এসব কিছু ছাপিয়ে নতুন খবর হচ্ছে আবারও বড় পর্দায় দেখা যাবে এই তারকাকে।
মো. ইকবাল পরিচালিত “ডেডবডি” সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। আর এতে নতুন এক লুকে দেখা যাবে তাকে। ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী বলেন, “সবাই দোয়া করবেন। কারণ প্রায় দুই থেকে তিন বছর পর নতুন সিনেমায় কাজ করব। তাই আনন্দ হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।”
সিনেমায় ওমর সানীর ভিন্ন লুক প্রসঙ্গে গণমাধ্যমে পরিচালক ইকবাল বলেন, “আমি সবসময় চেষ্টা করি সিনেমায় নতুন কিছু রাখতে। সেটি অবশ্যই দর্শকের আগ্রহ তৈরি করবে এমন কিছুই রাখি। আর অনেক দিন পর ওমর সানী বড়পর্দায় ফিরছেন, তাই তাকে এমনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছি যেটি দর্শক মনে রাখবে।”
ওমর সানী প্রসঙ্গে ইকবাল আরও বলেন, “সানী আমার দীর্ঘদিনের বন্ধু। এর চেয়ে তিনি আমার কাছে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তাই তার এই কামব্যাকে চমক রাখতে চেয়েছি।”
“ডেডবডি” সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ। জানা গেছে, ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।



