Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিশা-ডিপজলের কাছে হারলেন কলি-নিপুণ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৮ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বাংলা সিনেমার এই দুই খলনায়কের কাছে হেরেছেন দুই নায়ক ও নায়িকা- মাহমুদ কলি ও নিপুণ আক্তার।

শুক্রবার (১৯ এপ্রিল) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এ ফল ঘোষণা করেন।

এবার ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। বৈধ ব্যালট ৪৩৪টি। বাতিল হয়েছে ৪১টি ব্যালট।

২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সভাপতি পদে মাহমুদ কলি পান ১৭০ ভোট। মিশা সওদাগর এর আগেও দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন।

আর মনোয়ার হোসেন ডিপজল ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিপুণ আক্তার ২০৯ ভোট পেয়ে এই পদে পরাজিত হয়েছেন।

এবার মোট প্রার্থীর তিনজন ছাড়া বাকি সবাই জিতেছেন মিশা-ডিপজল প্যানেল থেকে।

সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। রুবেল পেয়েছেন ২৩১ ভোট, ডি এ তায়েব ২৩৪ ভোট।

এছাড়া সহসাধারণ সম্পাদক আরমান ২৩৭, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ২৫৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ২৯৬, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৪৫, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ২৩৫ ও কোষাধ্যক্ষ পদে কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ইমন কলি-নিপুণ পরিষদের।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। এর মধ্যে সুচরিতা ২২৮, রোজিনা ২৪৩, আলীরাজ ২৩৯, সুব্রত ২১৮, দিলারা ইয়াসমিন ২১৮, শাহনূর ২৪৫, নানা শাহ ২১০, রত্না কবির ২৬৩ ও চুন্নু ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ২২০ ও সনি রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এর আগে, ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৯টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর সঙ্গে এবার সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান।

   

About

Popular Links

x