Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এফডিসিতে মারামারির ঘটনায় মিশা-ডিপজল যা বললেন

শিল্পী সমিতির নতুন নেতৃত্ব আশা করছে, ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে তাদের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি যত দ্রুত সম্ভব এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনটি। 

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, ‘‘মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। 

তখন অনাহূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। আমরা জানতে পেরেছি, এ ঘটনায় বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা এ ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’’

মিশা ও ডিপজলের পাঠানো লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এরই মধ্যে শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক নেতাদের যৌথ আলোচনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এখানে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তাওকীর, বুলবুল আহমেদ ও আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল ও রত্না রয়েছেন।

শিল্পী সমিতির নতুন নেতৃত্ব ওই চিঠিতে আশা করছে, আগের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে তাদের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে।

   

About

Popular Links

x