Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাইরাল সেই ছবি নিয়ে বিপাকে সিয়াম

সিয়াম জানিয়েছেন, লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে স্ত্রী অবন্তীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:৩৯ পিএম

তিন বছর আগে স্ত্রী অবন্তীকে নিয়ে তোলা একটি ছবি নিয়েই বিদ্রূপের মুখে পড়েছিলেন সিয়াম। আবার আলোচনায় এলেন ঢালিউডের চিত্রনায়ক সিয়াম আহমেদ।

সম্প্রতি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক একটি সাইনবোর্ডের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছবি নিয়ে বিব্রত অভিনেতা নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। যেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরেছেন।

সাজেকের লুসাই গ্রামে গিয়ে সেখানকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ছবি তোলেন এই দম্পতি। সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তারা। হঠাৎই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাক পরা সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সাইনবোর্ডে চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, গারো, খাসিয়া, মারমা, খুমি, লুসাই, রাখাইন, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষের ছবি আছে। ভুলবশত ‘পাংখোয়া’ ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে সিয়াম ও তার স্ত্রী অবন্তীর ছবিটিও দেওয়া হয়েছে। এ ছবি নিয়েই ট্রলের মুখে সিয়াম। 

পুরো বিষয়টি নিজের ফেসবুকে তুলে ধরে সিয়াম লিখেছেন- লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার। 

সিয়াম লিখেছেন- নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এ ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি। 

সামাজিক মাধ্যমে ট্রলের বিষয়ে তিনি লেখেন- ঘুরতে গিয়েছিলাম পরিবার নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানা রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারো এড়িয়ে যাব; কিন্তু ভাবলাম কিছু বলা উচিত। ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব- কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে, সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এ সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।

এছাড়া সাইনবোর্ড থেকে তাদের ছবি সরিয়ে নিতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানান সিয়াম।

 

   

About

Popular Links

x