Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাবনূর: যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি

১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় শাবনূরের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয়ে এখন আগের মতো নিয়মিত নন এই অভিনেত্রী। স্থায়ী হয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়। কিন্তু ভক্ত-দর্শকদের হৃদয়ে আজও তিনি “দুই নয়নের আলো”।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এই চিত্রনায়িকা ক্যারিয়ারে ৩২ বছরে পদার্পণ করেছেন। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত “চাঁদনী রাতে” সিনেমার মধ্যদিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় শাবনূরের।

এদিকে, সম্প্রতি দেশে ফিরে আরাফাত হোসাইনের “রঙ্গনা” নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন নব্বই দশকের এই অভিনেত্রী। এই খবরে ভক্তরাও ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। মাঝে কেটে গেছে অনেকটা বছর।

গত হওয়া তিন দশক সম্পর্কে শাবনূরের মন্তব্যটা এমন- “আল্লাহর রহমত ও সবার দোয়ায় চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি। আমার চলচ্চিত্র ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় এই অঙ্গনের সঙ্গে জড়িত সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, চিত্রনাট্যকার, নেপথ্য কণ্ঠশিল্পী, ক্যামেরাম্যান, কলাকুশলীসহ সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। বিশেষ করে, আমার ছবির দর্শক ও অগণিত ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনে আমি আজকের শাবনূর।”

শুরু ও বর্তমান সময় নিয়ে এই তারকা বলেন, “নামজাদা চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম দাদুর “চাঁদনী রাতে”র মাধ্যমে ১৯৯৩ সালের ১৫ অক্টোবর আমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। সবার ভালোবাসায় আজ ৩১ বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- “স্বপ্নের ঠিকানা”, “প্রেমের তাজমহল”, “আমার প্রাণের স্বামী”, “ও প্রিয়া তুমি কোথায়”, “ভালোবাসি তোমাকে”, “আনন্দ অশ্রু”, “বউ শাশুড়ির যুদ্ধ”, “হৃদয়ের বন্ধন”, “মোল্লা বাড়ীর বউ” ইত্যাদি।

   

About

Popular Links

x