Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে ‘সুইসাইড নোট’

১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

ভারতের কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবে পারফর্ম করতে চলেছে দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলস। তার আগেই সঙ্গীত মহলে এক দুঃসংবাদ। কলকাতায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ফসিলসের প্রাক্তন তারকা চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ।

মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়িতে থাকতেন তিনি। সেখান থেকেই উদ্ধার করা হয় চন্দ্রমৌলির ঝুলন্ত মরদেহ। বর্তমানে “গোলক” এবং “জম্বি কেজ কন্ট্রোল” নামের দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। বাবা-মা একটি আমন্ত্রণে বাইরে গেলে বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। শিল্পীর ঝুলন্ত মরদেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী। রবিবার চন্দ্রমৌলির বাড়িতে উপস্থিত হন মহুল। চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখা মাত্রই স্থানীয় থানায় যোগাযোগ করেন এই শিল্পী। অস্বাভাবিক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। 

ভোকালিস্ট মহুল ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানান, রবিবার সকাল ১১টা থেকে আমি ওকে ফোন করছিলাম। কিন্তু সে কোনো জবাব দেইনি। চিন্তিত হয়ে পড়ে এক বন্ধুকে নিয়ে ওর বাড়ি আসার সিদ্ধান্ত নিই, এসে দেখলাম ও আর নেই! এটা বাংলার মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি।

উল্লেখ্য, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত, ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। ১৯৭৬ সালে জন্ম হয়েছিল চন্দ্রমৌলির, ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার ছেড়ে সঙ্গীতকেই নিজের পেশা হিসেবে নিয়েছিলেন তিনি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরেই হাতে তেমন কাজ ছিল না। অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। ডিপ্রেশনের জন্য চলছিল চিকিৎসাও। পুলিশকে তেমনটাই জানিয়েছে, চন্দ্রমৌলির বন্ধু ও স্বজনরা।

পুলিশের এক কর্মকর্তা জানান, চন্দ্রমৌলির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেখানে লেখা রয়েছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুইসাইড নোটের হাতের লেখার সঙ্গে চন্দ্রমৌলির আগের লেখা মিলিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। 

   

About

Popular Links

x