Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

এর আগে একই ধরনের বাধার মুখে পড়েছেন পরীমণি ও মেহজাবীন চৌধুরী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

সম্প্রতি স্থানীয়দের বাধার মুখে টাঙ্গাইলে একটি শো-রুম উদ্ধোধন করতে যেতে পারেননি আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ২৫ জানুয়ারি কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা পরীমণির আগমন ঠেকানোর ঘোষণা দেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটে আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে। চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার। তবে “রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতা”র বাধার মুখে অনুষ্ঠানস্থলে যাননি মেহজাবীন চৌধুরী।

এবার রাজধানী ঢাকায় একই ধরনের ঘটনা ঘটেছে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই অভিনেত্রীর। তবে স্থানীয়দের বাধার মুখে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে।

কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

শেখ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন।”

এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত স্থানীয় কয়েকজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে একজন বলেন, “অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।”

তবে এ বিষয়ে অপ বিশ্বাসের কোনো বক্তব্য এখনও জানা যায়নি।

 

   

About

Popular Links

x