প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতুল মুখোপাধ্যায় বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতুলের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয় প্রতুলকে। নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তার। এরপর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখেন।
ভারতীয় আরেকটি গণমাধ্যম জানিয়েছে, আপাতত জ্ঞান নেই শিল্পীর। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে প্রতুলের জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
উল্লেখ্য, ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে “আমি বাংলায় গান গাই” গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়।



