কমসংখ্যক শো নিয়ে গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেলেও হাউসফুল ছিল সিয়াম আহমেদের “জংলি” সিনেমার বেশির ভাগ শো। টিকিট না পেয়ে ফিরেও গেছেন অনেকেই। এরপর দর্শকদের চাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে। শুধু তাই নয় সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দর্শকরা পছন্দ করেন।
গত ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে “জংলি”। দেশের মতো বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে রেকর্ড। এখন পর্যন্ত দিন হিসেবে “জংলি”র সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড হয়েছে এ দিনে।
এ দিন বিশ্বব্যাপী “জংলি” আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।
তিনি ফেসবুকে লিখেছেন, “৮ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা- সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সব মিলিয়ে জংলির গ্রস কালেকশন প্রায় ৩৫ লাখ ১১ হাজার টাকা! এক দিনে এটাই জংলির সর্বোচ্চ আয়ের রেকর্ড!”
“জংলি” সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। অনান্য চরিত্রে অভিনয় করেছেন- বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
টাইগার মিডিয়া প্রযোজিত “জংলি” সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে- মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।



