Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় দিতে চায় পুলিশ

উনি এখন কিছুটা সুস্থতা অনুভব করছেন

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি। ছবিগুলোতে দেখা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি।

তার ছবি পোস্ট করে বৃহস্পতিবার (১২ জুন) সাইবার ক্র্যাক টোয়েন্টিফোর নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, “চলচিত্র ও নাট্যকার সমু চৌধুরী মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।”

ছবির সূত্র ধরে অসুস্থ অবস্থায় অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে উদ্ধার করে পুলিশ। এখন সমু চৌধুরীকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের জিম্মায় তাকে তুলে দেওয়া হবে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “উনি এখন কিছুটা সুস্থতা অনুভব করছেন। আমার টিম তার সঙ্গে আছে। অভিনয়শিল্পী সংঘের নেতাদের সঙ্গেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। ঢাকা থেকে কয়েকজন রওনা হয়েছেন।”

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সংবাদমাধ্যমকে বলেন, “সমু চৌধুরীর ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পরিচিতদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা থানায় যোগাযোগ করি। সমু'দাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো।”

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত “আদরের সন্তান” ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর “দোলন চাঁপা”, “শত জনমের প্রেম”, “মায়ের অধিকার”, “দেশ দরদী”, “মরণ নিয়ে খেলা”, “প্রেমের নাম বেদনা”, “যাবি কই”, “সুন্দরী বধূ”সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

   

About

Popular Links

x