Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফোন হঠাৎ কাজ না করলে কোন পথটি বেছে নেবেন?

সঠিক পদ্ধতির অভাবে নষ্ট হতে পারে ব্যাটারি, জেনে নিন স্মার্টফোন সচল রাখার কৌশল  

আপডেট : ০৮ মে ২০২৬, ১২:৫৮ পিএম

স্মার্টফোন হঠাৎ ধীর গতিতে চলা, অ্যাপ বার বার আটকে যাওয়া বা দ্রুত ব্যাটারি কমে যাওয়ার সমস্যায় প্রায়ই পড়তে হয়। এমন সময়ে অনেকে দ্বিধায় পড়েন, ফোন বন্ধ করবেন না কি শুধু রিস্টার্ট? কীভাবে বুঝবেন কোনটিতে উপকার বেশি?  

কোনো যন্ত্র একটানা ব্যবহার করলে তার কার্যক্ষমতা কমে আসতে পারে। ঠিক মানুষের স্বাস্থ্যের মতো। তাই বিশ্রাম খুবই জরুরি। আপনার মতো, আপনার ফোনেরও। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্রামের জন্য কোনটি বেশি উপকারী? ফোন অফ করে দেওয়া না কি রিস্টার্ট করা? এই সিদ্ধান্ত ছোট মনে হলেও, এর নেপথ্যে রয়েছে প্রযুক্তিগত বিজ্ঞান। ফোন অফ করা আর রিস্টার্ট করার মধ্যে কী পার্থক্য রয়েছে, সেটি আগে জানতে হবে।

ফোনের ভালো রাখতে কী করবেন?  

‘পাওয়ার অফ’ আর ‘রিস্টার্ট’ - দুই ক্ষেত্রেই ফোনে চলতে থাকা ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলি বন্ধ হয়ে যায়, র‌্যাম পরিষ্কার হয়, ব্যাকগ্রাউন্ডের অস্থায়ী ফাইলগুলি মুছে যায় এবং সিস্টেম নতুন করে চালু হওয়ার সুযোগ পায়। কিন্তু পার্থক্য একটাই, রিস্টার্ট করলে ফোন নিজে থেকেই আবার চালু হয়ে যায়, ও দিকে পাওয়ার অফ করলে সেটি বন্ধই থাকে যতক্ষণ না আপনি নিজে চালু করছেন। কিন্তু ফোনের উপকার কোনটিতে বেশি?  

বেশির ভাগ ক্ষেত্রে রিস্টার্টই বেশি কার্যকর। কারণ, কম সময়ের মধ্যে ফোনকে সচল করে এই ধাপটি। অ্যাপ ক্র্যাশ, সফ্টওয়্যারের ছোটখাটো সমস্যা বা স্লো হয়ে যাওয়া - এসবের দ্রুত সমাধান হিসাবে রিস্টার্টই ভালো।   

অনেকের ধারণা, ফোন পুরোপুরি বন্ধ করলে না কি বেশি ভালো হয় কিন্তু প্রযুক্তিবিদেরা বলছেন, এর কোনো প্রমাণ নেই। পাওয়ার অফ করলে যতটা কাজ হয়, রিস্টার্ট করলেও ততটাই কাজ হয়। বরং, রিস্টার্ট করতে সময় কম লাগে এবং সুবিধাজনকও। আর তাই নতুন ফোন কেনার পরই দোকানের পেশাদারেরা পরামর্শ দেন, রোজ অন্তত এক বার করে রিস্টার্ট বা রিবুট করে নিতে। কারণ এতে ফোনের মেয়াদ বাড়ে। মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে জমে থাকা অস্থায়ী ফাইল দূর হয় ব্যাটারি বাঁচানোর জন্যও অনেকে ফোন বন্ধ করে রাখেন। এতে কিছুটা ব্যাটারি সাশ্রয় হয় ঠিকই, কিন্তু তা খুব বেশি নয়। তার চেয়ে বরং স্লিপ মুডে রেখে দিলে ব্যাটারি বেশি বাঁচে। 

তবে কিছু পরিস্থিতিতে ফোন পুরোপুরি বন্ধ করাই ভালো। যেমন, ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন অফ করে রাখুন। গেম খেলতে খেলতে বা ভারী কাজ করতে করতে অথবা রোদে দীর্ঘ সময় ব্যবহার করার ফলে যদি ফোনের ভিতরের যন্ত্রাংশে চাপ পড়ে, তখন শুধু রিস্টার্ট করলে চলে না। ফোন বন্ধ রাখলে সেই চাপ কমতে পারে এবং ডিভাইস দ্রুত ঠান্ডা হতে পারে।

সুতরাং দুটো অপশনই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সুইচ অফ না করে রিস্টার্ট করলে স্মার্টফোন দীর্ঘদিন সচল থাকে। 

   

About

Popular Links

x