ব্যস্ত জীবন, কাজের চাপ আর গরমের ক্লান্তি - সব মিলিয়ে লম্বা ছুটি নিয়ে ঘুরতে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই নতুন করে জনপ্রিয় হচ্ছে ‘মাইক্রো ট্রাভেল’ বা ছোট ভ্রমণ। খুব বেশি সময় না নিয়েও কীভাবে একঘেয়ে জীবনে এনার্জি পাওয়া যায়? সেই সহজ উপায় হয়ে উঠছে এই ট্রেন্ড।
মাইক্রো ট্রাভেল বলতে সাধারণত ২-৩ দিনের ছোট ভ্রমণকে বোঝায়। ছোট ছুটিতে কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়া - এটিই এর মূল ভাবনা। যেমন ধরুন, পাহাড়, সমুদ্র বা শহরের কাছেই কোনও নিরিবিলি রিসর্ট যেখানে কম সময়ে পৌঁছনো যায়। এতে দীর্ঘ পরিকল্পনার ঝামেলা থাকে না, আবার ক্লান্তিও কম হয়।
অনেকেই কাজের চাপে দীর্ঘ ছুটি পান না। তাই তারা বড় ভ্রমণের বদলে বছরে কয়েকবার ছোট ছোট ট্রিপে বেরিয়ে পড়েন। এতে মনও ভালো থাকে, আবার কাজের একঘেয়েমিও কাটে। বিশেষ করে গরমকালে এই ছোট সফর শরীর-মনকে দ্রুত সতেজ করে তোলে।
মাইক্রো ট্রাভেলের সবচেয়ে বড় সুবিধা হল, এতে খরচ কম হয়। দূরে কোথাও যাওয়ার মতো বেশি টাকা খরচ করতে হয় না। ট্রেন বা গাড়িতে কাছাকাছি জায়গায় চলে যাওয়া যায়। ফলে যাতায়াতেও সময় বাঁচে, খরচও কমে। আর হঠাৎ প্ল্যান করলেও খুব সমস্যা হয় না।
এই ধরনের ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ‘রিল্যাক্সেশন’ বা ‘আরাম’। এখানে বেশি ঘোরাঘুরি বা টাইট প্ল্যান থাকে না। বরং শান্তভাবে সময় কাটানো, প্রকৃতির কাছে থাকা, ভালো খাবার খাওয়া-এসবের উপরেই গুরুত্ব দেওয়া হয়। অনেকেই এই সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, যাকে বলা হয় ‘ডিজিটাল ডিটক্স। এতে মন অনেকটাই হালকা হয়।
আরেকটি জনপ্রিয় ধারণা হল ‘স্টেকেশন’। এতে দূরে না গিয়ে নিজের শহরেই কোনও ভালো হোটেল বা রিসর্টে কয়েকদিন থাকা হয়। এতে ভ্রমণের অনুভূতিও পাওয়া যায়।
বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের এই ছোট ট্রিপও মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি চাপ কমায়, মন ভালো রাখে এবং কাজে ফেরার আগ্রহ বাড়ায়।
সবমিলিয়ে বেশি সময় বা টাকা না থাকলেও এখন আর ভ্রমণের ইচ্ছেকে দমিয়ে রাখতে হবে না। তাই গরমের ছুটিতে বা ব্যস্ততার মাঝেও যদি একটু স্বস্তি চান, তাহলে মাইক্রো ট্রাভেলই হতে পারে আপনার জন্য অন্যতম উপায়।



