আজ মা দিবস। এই দিবসে মা-বাবাকে ঘিরে কতরকম পরিকল্পনা থাকে সন্তানদের। তবে এবার মা-বাবাকে নিয়ে ঘোরার জন্য অভিনব এক প্রস্তাব দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান। ‘প্যারেন্টাল পার্ক’ নামে বিশেষ ওই প্রস্তাবে বলা হচ্ছে, বিশেষ এ দিনটিতে মা-বাবাকে সাথে নিয়ে ঘুরলে ৩ দিনের ছুটি পাবে কর্মীরা। শুধু তাই নয়, মিলবে ১০ হাজার রুপি ভ্রমণ সহায়তাও।
রবিবার (১০ মে) এক প্রতিবেদনে এ ঘটনার কথা জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, প্রতিষ্ঠানটির প্রধান রজত গ্রোভার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তার কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা অনেক সময় আমাদের মা-বাবাকে জিজ্ঞেসই করি না তারা কেমন আছেন। তাদের স্বপ্ন, ইচ্ছা কিংবা স্বাস্থ্যের খবরও অনেক ক্ষেত্রে অজানা থেকে যায়।”
ভিডিও বার্তায় রজত কর্মীদের উদ্দেশে বলেন, “মা-বাবাকে জিজ্ঞেস করুন তাদের প্রিয় খাবার কী, কিংবা জীবনে কোন জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেছেন। তারপর টিকিট বুক করুন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। এই সময়টা শুধুই তাদের জন্য।”



