এআইনির্ভর বর্তমান চাকরির বাজারে এখন আর শুধু ভালো স্কিল থাকলেই হয় না - সেগুলো সঠিকভাবে কাজে লাগানোও সমান জরুরি। কারণ, অনলাইনে আপনি কী করেন, কীভাবে নিজেকে উপস্থাপন করেন - অনেক সময় সেটাই আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করে।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে লিংকডইন। কিন্তু অনেকেই এটাকে শুধু একটা অনলাইন সিভি ভেবে ব্যবহার করেন। ফলে ভালো যোগ্যতা থাকলেও সেটা ঠিকভাবে চোখে পড়ে না।
আসলে লিংকডইনকে যদি একটু সময় নিয়ে গুছিয়ে ব্যবহার করা যায়, তাহলে এটা শুধু প্রোফাইল না, আপনার নিজের একটা ছোট পেশাদার পরিচয় হয়ে উঠতে পারে, যেটা চাকরি, নেটওয়ার্কিং আর সুযোগ - সবকিছুর দরজা খুলে দিতে পারে।
কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ ব্যবহারকারী শুধু একটি প্রোফাইল খুলেই থেমে যান। ফলে তাদের উপস্থিতি অদৃশ্য থেকে যায় প্রতিযোগিতার ভিড়ে। অথচ কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে একই প্রোফাইল থেকেই পাওয়া যেতে পারে বেশি ভিউ, নেটওয়ার্কিং সুযোগ এবং চাকরির অফার।
প্রোফাইল ছবি: প্রথম ইমপ্রেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ
লিংকডইনে সবচেয়ে দ্রুত নজর কাড়ে প্রোফাইল ছবি। একটি পরিষ্কার, প্রফেশনাল ছবি ব্যবহার করলে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। গবেষণা বলছে, স্পষ্ট মুখচ্ছবি থাকলে প্রোফাইল তুলনামূলকভাবে বেশি ভিউ পায়, কারণ এটি মানুষের মধ্যে আস্থা তৈরি করে। অপ্রফেশনাল সেলফি, গ্রুপ ছবি বা অতিরিক্ত এডিট করা ছবি এখানে এড়িয়ে চলাই ভালো।
শুধু পদবি নয়, নিজের অবস্থান জানান
অনেকে নিজের সম্পর্কে শুধু চাকরির পদবি লিখে রাখেন, যা বড় একটি সুযোগ হারানো। হেডলাইন আসলে আপনার ‘মিনি ব্র্যান্ড স্টেটমেন্ট’। এখানে আপনি কী করেন, কোন সমস্যার সমাধান দেন বা কোন স্কিলে দক্ষতা অর্জন করেছেন তা সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। এতে আপনার প্রোফাইল খুঁজে পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
অ্যাবাউট সেকশন: গল্প বলার জায়গা
এই অংশটি শুধু তথ্যের তালিকা নয়, বরং আপনার পেশাগত গল্প বলার জায়গা। শুরুটা হওয়া উচিত শক্তিশালী একটি বাক্য দিয়ে, যা পাঠকের আগ্রহ ধরে রাখবে। এরপর ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং লক্ষ্য তুলে ধরা যায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এখানে অতিরিক্ত যান্ত্রিক বা এআই-জেনারেটেড ভাষা ব্যবহার না করাই ভালো, কারণ এতে ব্যক্তিত্ব কমে যায়।
নিয়মিত অ্যাকটিভ থাকা
লিংকডইন এখন কনটেন্টনির্ভর প্ল্যাটফর্ম। শুধু প্রোফাইল থাকলেই হবে না, নিয়মিত পোস্ট করা জরুরি। সপ্তাহে অন্তত একটি প্রাসঙ্গিক পোস্ট এবং অন্যদের কনটেন্টে চিন্তাশীল মন্তব্য প্রোফাইলের রিচ বাড়ায়। এতে প্ল্যাটফর্মের অ্যালগরিদম আপনার প্রোফাইলকে বেশি মানুষের সামনে তুলে ধরে।
ফিচারড সেকশন: আপনার কাজের ভিজ্যুয়াল পোর্টফোলিও
অনেকেই এই অংশটি ফাঁকা রেখে দেন, যা সবচেয়ে বড় ভুল। এখানে আপনি আপনার লেখা, প্রজেক্ট, মিডিয়া কভারেজ বা ভিডিও যুক্ত করতে পারেন। এটি আপনার প্রোফাইলকে একটি ছোট পোর্টফোলিওতে রূপান্তর করে, যা দর্শককে দ্রুত আপনার সক্ষমতা বুঝতে সাহায্য করে।
লিংকডইনের বাইরে উপস্থিতি তৈরি করা
শুধু অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকলে পৌঁছানোর সীমা কমে যায়। তাই সেমিনার, ওয়েবিনার, পডকাস্ট বা ইভেন্টে অংশ নিয়ে নিজের প্রোফাইল লিংক শেয়ার করা গুরুত্বপূর্ণ। এতে অফলাইন অডিয়েন্সও সহজে আপনার লিংকডইনে যুক্ত হয়।
সার্চ অপটিমাইজেশন: খুঁজে পাওয়ার কৌশল
লিংকডইন এখন একটি সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। তাই প্রোফাইলে আপনার স্কিল এবং কাজের সঙ্গে সম্পর্কিত কীওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করা জরুরি। এতে নিয়োগকারী বা ক্লায়েন্ট সহজেই আপনাকে খুঁজে পাবে।
ভেরিফিকেশন: আস্থার নতুন মানদণ্ড
ভুয়া প্রোফাইল বাড়ার কারণে ভেরিফাইড অ্যাকাউন্ট এখন আলাদা গুরুত্ব পাচ্ছে। ভেরিফিকেশন থাকলে আপনার প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং কনটেন্টের রিচও তুলনামূলকভাবে বেশি হতে পারে।
শেষ কথা
চাকরির বাজার দ্রুত বদলাচ্ছে। শুধু দক্ষতা থাকলেই আর যথেষ্ট নয় - সেই দক্ষতা কতটা দৃশ্যমানভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটাই এখন বড় ফ্যাক্টর। তাই লিংকডইনকে শুধুই প্রোফাইল না ভেবে একটি ডিজিটাল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারলে ক্যারিয়ার বড় ধরনের পরিবর্তন পরিলক্ষিত হবে।



