এবার পর্যটকদের থাকার জন্য মহাকাশে রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাস্ট জানিয়েছে, মহাকাশে প্রথমবারের মতো বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা হবে। “হ্যাভেন ১” নামের এই বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ ২০২৫ সালের মধ্যে শুরু হবে। পৃথিবীর যেকোনো বিলাসবহুল রিসোর্টের মতোই সুবিধা থাকবে সেখানে।
হ্যাভেন ১ বাণিজ্যিক মহাকাশ স্টেশন রিসোর্টে একসঙ্গে ৪ পর্যটক থাকতে পারবেন। স্টেশনটি পৃথিবীতেই তৈরি হবে। পরে ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হবে। ২০২৬ সালের মধ্যে বাণিজ্যিক মহাকাশ স্টেশন হ্যাভেন ১-এ পর্যটকেরা থাকতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করা হয়। বিভিন্ন দেশের নভোচারীরা থাকেন সেখানে। তবে হ্যাভেন ১ স্টেশনটি শুধু পর্যটকদের জন্য তৈরি করা হবে। রিসোর্টের রুমে বসে মহাকাশ দেখার পাশাপাশি চাইলে পৃথিবীতে ফোনও করা যাবে।
মহাকাশ পর্যটন নিয়ে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক, ব্লু অরিজিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পর্যটক নিয়ে স্বল্প সময়ের মধ্যে কয়েকবার মহাকাশ থেকে ঘুরেও এসেছে প্রতিষ্ঠানগুলোর মহাকাশযান।



