কেনাকাটা করতে সবারই ভালো লাগে। তার ওপর তা যদি ঘরে বসে করা যায় তাহলে তো কথায় নেই। সময়সাশ্রয়ী হওয়ায় আজকাল কেনাকাটার জন্য জনপ্রিয় হয়ে ওঠছে অনলাইন শপিং। অনলাইনে সাইটগুলো ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনেক রকম মূল্যছাড় বা কম্বো অফার দিয়ে থাকে। তবে এর সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও।
তাই চলুন জেনে নেওয়া যাক অনলাইনে শপিং করার আগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি।
বিশ্বাসযোগ্য কিনা
সাধারণত মানুষ যে সাইটগুলো থেকে বেশি কেনাকাটা করে সেসব সাইট থেকে কেনার চেষ্টা করুন। নতুন নতুন অনেক ওয়েবসাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে, যার মধ্যে অনেকেই ভুয়া সাইট খুলে প্রতারণার পাঁয়তারা করে আছে। তাই নির্দ্বিধায় কিনতে চাইলে কিনুন বিশ্বাসযোগ্য জায়গা থেকে বা পূর্বে ব্যবহৃত নির্ভরযোগ্য কোনো সাইট থেকে।
পণ্যের আসল/নকল যাচাই করা
দোকানে গিয়ে কেনাকাটা করলেও অনেক সময় বাসায় এসে দেখা যায় যে কোনো না কোনো সমস্যা রয়েছে বা শোরুমের ঝলমলে আলোয় যেমন দেখেছিলাম আসলে তেমন লাগছে না, ঠিক তেমনটি অনলাইনেও হতে পারে। সাইটগুলোর ক্যাটালগে অনেক সময় অতিরিক্ত এডিট করা ছবি ব্যবহার করা হয়। ছবিতে আকর্ষণীয় দেখতে কিন্তু বাস্তবে তেমন নয়। তাই ক্যাটালগে যে ছবিটা দেখছেন ইনবক্সে তার এডিট ছাড়া আসল ছবিটি দেখে নিতে চেষ্টা করুন।
পণ্যের মূল্য যাচাই করা
একই পণ্য অনেক পেজই বিক্রয় করে থাকে। বিভিন্ন পেজে পণ্যের মূল্য বিভিন্ন হতে পারে। তাই সমজাতীয় পণ্যের পেজগুলো ঘুরে দেখুন। মূল্যের সঙ্গে মানও যাচাই করুন। কারণ হতে পারে একটি জিনিস কোনো পেজে অনেক সস্তায় পেয়ে গেলেন কিন্তু তাদের পণ্যের মান অনেক খারাপ হতে পারে। তাই অর্ডার করার পূর্বে বিক্রেতার সঙ্গে আলাপ করে মান এবং মূল্য উভয়ই যাচাই করে নিন।
ডেলিভারি প্রক্রিয়া জেনে নেওয়া
অর্ডার করার পর আপনার পণ্য কীভাবে কার মাধ্যমে ডেলিভারি হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অনেকে সুন্দরবন কুরিয়ার বা কন্টিনেন্টালের মত কুরিয়ার সেবাগুলো ব্যবহার করে থাকেন। অনেকে আবার অনলাইনে কুরিয়ার ব্যবসা করছেন এমন প্রতিষ্ঠান থেকে সেবা নেন। আরও বড় প্রতিষ্ঠান হলে নিজেদেরই পণ্য সরবরাহের ব্যবস্থা থাকে। যেভাবে যার মাধ্যমেই আপনার পণ্য আসুক না কেন তার সঙ্গে নিজে উদ্যোগী হয়ে পণ্যটি সময়মত পেতে যোগাযোগ করুন। এতে আপনার পণ্য হারানো ভয় থাকবে না।
ক্যাশ অন ডেলিভারি
বর্তমানে অনলাইনে অর্ডার করার পর পণ্য পাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। বেশিরভাগ ফেসবুক পেজ এখন এই সুবিধা দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় পণ্য ক্রেতার দেওয়া ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন। এতে লেনদেনের স্বচ্ছতা বজায় থাকবে।
সাইটের রিভিউ দেখা
কোনো পেজ বা সাইটে যদি রিভিউ অপশন না থাকে তবে ভুলেও সেখান থেকে পণ্য কিনবেন না। অর্ডার করার আগে অবশ্যই সাইটের রিভিউ অপশনে গিয়ে ভালো করে দেখে নিতে হবে। সেইসঙ্গে পোস্টের কমেন্টগুলোও পড়ে দেখতে হবে। পেজটি একদমই নতুন কি না, পোস্টের রিচ কেমন সেগুলোও ভালো করে যাচাইবাছাই করতে হবে।



