Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রেকআপ হলে পুরুষেরাই বেশি কষ্ট পায় ও একাকিত্বে ভোগে, বলছে গবেষণা

বিচ্ছেদ ঘটলে পুরুষদের মধ্যে আবেগীয় ও সাইকোলজিক্যাল স্ট্রেস বেড়ে যায় বলে গবেষণায় উল্লেখ করা হয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

ইংরেজিতে একটি কথা প্রচলন আছে- “বয়েজ ডোন্ট ক্রায়।” কথাটা শুনেছেন নিশ্চয়ই। ছোটবেলা থেকে শুনে শুনে অনেক পুরুষ হয়তো বাক্যটি বিশ্বাসও করে নিয়েছেন। ছেলে হয়ে প্রকাশ্যে চোখের পানি ফেলা যাবে না। তাহলে ব্রেকআপের জন্য কষ্ট হলে সেটাও কি পুরুষদের লুকিয়ে রাখতে হবে? তবে ব্রেকআপ হলে নারীদের তুলনায় পুরুষেরাই বেশি কষ্ট পান। সাম্প্রতিকতম একটি গবেষণায় এমনই তথ্য ওঠে এসেছে।

‘‘বিহেভিওরাল অ্যান্ড ব্রেইন সায়েন্সেস’’-এ প্রকাশিত গবেষণা থেকে জানা যায়, সম্পর্ক ভাঙলে বা বিচ্ছেদ ঘটলে পুরুষেরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। ছেলেদের মধ্যে ইমোশনাল ও সাইকোলজিক্যাল স্ট্রেস বেড়ে যায়। অথচ সমাজ মনে করে, প্রেম ভাঙলে মেয়েরাই বেশি কষ্ট পায়। এই ধরনের চিন্তাভাবনাকে পাল্টে দিয়েছে নতুন এই গবেষণা।

গবেষণা থেকে জানা যায়, নারীদের মতোই ছেলেরাও রোম্যান্টিক সম্পর্কে একই ভাবে সঙ্গীর ওপর নির্ভরশীল থাকে। সঙ্গীর কাছ থেকে তারাও ইমোশনাল সাপোর্ট চায় এবং একাকি সময় কাটানো তাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ।

সম্পর্ক ভাঙলে মন ভাঙে। ধারণা করা হয়, ব্রেকআপের কারণে নারীদের মনেই বেশি প্রভাব পড়ে। নারীরা অনেক সময় বেশি ‘‘এক্সট্রোভার্ট’’ হয়। অর্থাৎ, মনের কথা বন্ধু, পরিবার বা কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে পারে। সুতরাং, ব্রেকআপ হলে সেই যন্ত্রণার কথা তারা কারও না কারও সঙ্গে ভাগ করে নেয়। কিন্তু ছেলেরা সেটা করতে পারে না। বেশিরভাগ পুরুষই ‘‘ইন্ট্রোভার্ট’’ বা কিছুটা চাপা স্বভাবের হয়। সুতরাং, মন ভাঙলেও সে কষ্টের কথা কারও সঙ্গে শেয়ার করে না পুরুষেরা। তা ছাড়া পুরুষদের জীবনে দায়িত্ব বেশি এবং সাপোর্ট সিস্টেম সে তুলনায় খুবই অল্প। কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো মানুষ তাদের জীবনে তুলনামূলক ভাবে অনেক কম।

ছেলেরা আবার চটজলদি প্রেমেও পড়ে যায়। যাকে বলে ‘‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’’- এটাও ছেলেদের ক্ষেত্রে বেশি ঘটে থাকে। আর রোম্যান্টিক ও একজন ভালো সঙ্গীর সঙ্গে সম্পর্কে থাকলে পুরুষদের জীবনে চাপ কম অনুভূত হয়। তারা হাইপারটেনশনের সমস্যাতেও কম ভোগে।

অন্যদিকে গবেষণা এটাও বলছে যে, কোনো সম্পর্কে না জড়ানো পুরুষেরা কোনো সম্পর্কে না জড়ানো নারীদের তুলনায় বেশি একাকিত্ব ও মানসিক সমস্যায় ভোগে। তা ছাড়া ৭০% ক্ষেত্রে নারীরাই ডিভোর্স চায় বলে গবেষণায় উল্লেখ করা হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চায় পুরুষেরাই।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

   

About

Popular Links

x