ওজন বেড়ে যাবে জেনেও মিষ্টি খাওয়ার লোভ সম্বরণ করা বেশ কঠিন। প্রেম থাক কিংবা না থাক, সামনে রসগোল্লা, জিলিপি, মালপোয়া, পান্তুয়া দেখলে অজান্তেই সেদিকে হাত চলে যায়। ফ্রিজে মিষ্টি থাকলে মন পড়ে থাকে সেদিকেই।
কিন্তু মিষ্টির প্রতি এমন ভালোবাসায় শরীরে বাসা বাঁধতে পারে হাজারটা রোগ। ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়ার ঝুঁকি তো আছেই। সেইসঙ্গে মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলে আরও অনেক সমস্যা শরীরে বাসা বাঁধে। রক্তচাপ, হৃদরোগের অন্যতম কারণও কিন্তু চিনি। তা ভুলে গেলে চলবে না।
এখন অনেকেই সচেতন হয়ে চিনি খাওয়া বন্ধ করেছেন। তাতে সুফলও মিলেছে। একমাস যদি চিনি খাওয়া বন্ধ করা যায়, তা হলে অনেক উপকার পাওয়া যাবে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
৩০ দিন চিনি না খেলে ঠিক কী কী উপকার হতে পারে?
ওজন কমে যাবে
সরাসরি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে শরীর। ক্যালোরি বাড়তে থাকলে শরীর ভারী হয়। ওজন বেড়ে যায়। চিনি খাওয়া যদি বন্ধ করে দেওয়া যায়, তা হলে বাড়তি ওজন দ্রুত কমে যাবে। তবে একইসঙ্গে শরীরচর্চা করলে বেশি সুফল পাওয়া যাবে।
অনিদ্রা দূর হবে
ঘুম না আসার একটি কারণ হতে পারে অত্যধিক পরিমাণে চিনি বা মিষ্টি খাওয়া। কিছু দিনের জন্য যদি চিনি খাওয়া বন্ধ করা যায়, তা হলে ঘুমের জন্য বিছানায় ছটফট করতে হবে না। ঘুম সহজেই চলে আসবে।
ক্লান্তি কাটবে
শরীরের চনমনে ভাব বজায় রাখতে চিনি খাওয়া বন্ধ করতে পারলে ভালো। অনেক সময় কাজের প্রতি অনীহা আসে। মনের স্ফূর্তি ধরে রাখতে চিনি খাওয়া বন্ধ করে দেখতে পারেন। এতে কর্মক্ষমতাও বাড়বে।



চিনি খাওয়া বন্ধ করে গুড় খেলে যে সুফল মিলবে