মানসিক শক্তি কি শুধু জন্মগত? নাকি চর্চা ও অভ্যাসের মধ্য দিয়েই গড়ে তোলা যায়? বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। আত্মসম্মান, লক্ষ্য, ইচ্ছাশক্তি- এসবই ধাপে ধাপে তৈরি হয়। কিছু ছোট ছোট অভ্যাস আপনার মনকে করে তুলতে পারে আরও দৃঢ় ও ইতিবাচকভাবে।
চলুন জেনে নেওয়া যাক মানসিকভাবে শক্তিশালী হতে ১০টি কার্যকর উপায় সম্পর্কে
নিজের যত্ন নিন
শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শিথিলকরণের কৌশল (যেমন মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস) আপনাকে মনের দিক থেকেও শক্তি জোগাবে।
প্রতিদিন ১৫ মিনিট নিজের আত্মসম্মান বাড়াতে কাজ করুন
নিজের ভাল দিকগুলো মনে করুন, যা করতে পারেন তার প্রশংসা করুন। আত্মসম্মান বাড়লে মানসিক দৃঢ়তাও বাড়বে।
কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন
প্রতিদিন এমন কিছু করুন যা আপনার জন্য চ্যালেঞ্জিং। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, ৫০টি পুশ আপ, ২০ পৃষ্ঠার বই পড়া, ১০ মিনিট দ্রুত হাঁটা- ছোট এই অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে।
খারাপ অভ্যাস ত্যাগ করুন
পর্ণ দেখা, মাদক- এসব অভ্যাস আপনার মানসিক শক্তি নষ্ট করে। শক্ত মন তৈরি করতে হলে আগে এসব ছাড়তে হবে।
নিজের লক্ষ্য এবং চ্যালেঞ্জ খুঁজে বের করুন
আপনার জীবনের লক্ষ্য কী? কোন দিকগুলোতে উন্নতি করতে হবে? লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী অগ্রসর হন।
প্রতিদিনের কাজ লিখে রাখুন
ডায়েরি লিখলে আপনার সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে। দিন শেষে বুঝতে পারবেন, কত কিছুই না accomplished করেছেন।
প্রতিদিন ১০টি নতুন আইডিয়া লিখুন
আপনার মস্তিষ্ককে সচল রাখতে এবং সৃজনশীলতাকে জাগ্রত রাখতে এই অভ্যাস দুর্দান্ত।
নিজের দুর্বলতা স্বীকার করুন এবং সমাধানের চেষ্টা করুন
প্রতিটি মানুষেরই দুর্বলতা আছে। সেগুলোকে অস্বীকার না করে, কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেটাই ভাবুন।
পরিবেশ সুন্দর রাখুন
আপনার আশেপাশের পরিবেশ আপনার মনের উপর সরাসরি প্রভাব ফেলে। গুছানো, পরিপাটি ও সুন্দর পরিবেশ মানসিক প্রশান্তি দেয়।
নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন
যারা আপনাকে সবসময় ছোট করে দেখে বা তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের এড়িয়ে চলুন। এমন মানুষের সঙ্গ বর্জন করুন যারা আপনার উন্নতি চান না।
শেষ কথা
মানসিকভাবে শক্তিশালী মানুষ মানে রোবট নয়। তারা কাঁদে, কষ্ট পায়, কিন্তু তারা হাল ছাড়ে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে বড় মন। তাই আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আপনার নিজের ভেতরেই।



