Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫০%

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় শাস্তি হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫০%। ভরতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০%। এটি চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০% এবং পাকিস্তানের তুলনায় ২১% বেশি।

এদিকে, সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‌‌“আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে... আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনো পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।”

এর আগে, ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন। তার অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত।

গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা অন্যায় ও অযৌক্তিক। ভারত আরও দাবি করেছিল, এতে দ্বিচারিতা আছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে।

   

About

Popular Links

x